Advertisement

ইউরোপে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা অজিত কুমার

দক্ষিণের রুপালি পর্দার সুপারস্টার অজিত কুমার শুধু অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে রাজত্ব করেন না, বরং গতির নেশায় ছুটে চলা এক দুর্ধর্ষ রেসার হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। তবে এই নেশার টানে গিয়েই বারবার বিপদের মুখে পড়েছেন পর্দার ‘থালা’। সম্প্রতি ইউরোপে অনুষ্ঠিত এক হাই-স্পিড এন্ডিওরেন্স রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। তবে বরাতজোরে এবারও বড় কোনো অঘটন থেকে রক্ষা পেয়েছেন তিনি।

অজিত কুমারের রেসিং ক্যারিয়ারের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দুর্ঘটনার সাথে তার সখ্য যেন পুরনো। এর আগেও অসংখ্যবার ট্র্যাকের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। কখনো ইতালির জিটি৪ ইউরোপীয় সিরিজ, কখনো ভ্যালেনসিয়ার পোরশ স্প্রিন্ট চ্যালেঞ্জ, আবার কখনো দুবাইয়ের এন্ডিওরেন্স রেস—নিয়মিত ব্যবধানে দুর্ঘটনার কবলে পড়লেও প্রতিটি ক্ষেত্রেই নিজের অভিজ্ঞতায় মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে এসেছেন এই তারকা।

বিজ্ঞাপন

বারবার মৃত্যুঝুঁকির মুখোমুখি হলেও প্রতিবারই ভক্তদের অশেষ ভালোবাসা এবং নিজের দৃঢ় মানসিকতায় অক্ষত দেহে ফিরে আসেন তিনি। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অজিত জানান, গাড়ি বিধ্বস্ত হওয়ার মুহূর্তটিতে প্রথমেই তিনি নিজেকে যাচাই করে নেন যে কোনো গুরুতর আঘাত পেয়েছেন কি না। গাড়ি সচল আছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই মূলত পরিস্থিতি অনুযায়ী নিজের অ্যাড্রেনালিন নিয়ন্ত্রণ করেন তিনি।

এত সব দুর্ঘটনার পরেও গতির প্রতি তার এই তীব্র ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। ইউরোপের এই হাই-স্পিড চ্যালেঞ্জের পর অভিনেতা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং আবারও নতুন কোনো গতির লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি রেসিং ট্র্যাকে তার এই অদম্য জেদ ও সাহসিকতা ভক্তদের মাঝে বরাবরই অনুপ্রেরণার খোরাক জোগায়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%