Advertisement

পাঁচ বছর পর মোংলা বন্দর সিবিএ নির্বাচনের তফসিল ঘোষণা

দীর্ঘ পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রোববার বিকেলে মোংলা বন্দর সিবিএ কার্যালয়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। তফসিল ঘোষণার মধ্য দিয়ে বন্দর শ্রমিকদের নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সোহাগসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এরপর ২৫ আগস্ট আপত্তি গ্রহণ, ৩০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ আগস্ট মনোনয়নপত্র বিক্রি এবং ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বাছাই শেষে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। সবশেষে ৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। নির্বাচিত নতুন কমিটি বন্দরের শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় সাধারণ কর্মচারীদের মধ্যে সম্ভাব্য প্রার্থী ও প্যানেল নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নির্বাচন পরিচালনা কমিটিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায় এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়েও চলছে নানা আলোচনা। প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শুরু হলে বন্দরের নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0%
0%
0%
0%