মারাঠি কৌন বানেগা ক্রোড়পতির সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

বলিউডের পর্দায় দীর্ঘদিনের দাপট বজায় রাখার পর এবার ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর সঞ্চালক হিসেবে নতুন এক ইনিংস শুরু করতে চলেছেন চিরসবুজ ডিভা মাধুরী দীক্ষিত। অমিতাভ বচ্চনের অনবদ্য উপস্থাপনায় হিন্দি সংস্করণটি বরাবরই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। মারাঠি ভাষার এই জনপ্রিয় অনুষ্ঠানটির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাধুরী। এর আগে স্বপ্নীল জোশি, সচিন খেরেকর এবং নাগরাজ মজুলের মতো শক্তিশালী অভিনেতারা এই শো সঞ্চালনা করলেও, এই প্রথম কোনো নারী তারকা হিসেবে সঞ্চালনার মসনদে বসছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি মনোমুগ্ধকর রিল ভিডিও শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং মাধুরী। ভিডিওতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রীয় ঐতিহ্যবাহী সবুজ শাড়িতে এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে রহস্য আর উত্তেজনার মিশেলে লিখেছেন, যা আগে কখনো ঘটেনি, তা এবার ঘটতে চলেছে। মহারাষ্ট্রের প্রতিটি ঘরে এবার খেলার মোড় ঘুরবে এবং সেই যাত্রার সারথি হিসেবে থাকছেন তিনি নিজেই।
মাধুরীর এই নতুন অবতার নিয়ে নেটপাড়ায় বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক স্পর্শ করতে যাওয়া এই অভিনেত্রীকে শুভেচ্ছায় সিক্ত করছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ মাধুরী সঞ্চালক হিসেবে কতটা সাবলীল হয়ে ওঠেন, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
উল্লেখ্য, সম্প্রতি ‘মা বেহেন’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে নিজের অভিনয়ের জাদু ছড়িয়ে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে সঞ্চালনার আঙিনায় মাধুরীর এই নতুন যাত্রা বিনোদনপ্রেমীদের জন্য যে এক দারুণ চমক হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে থেকে পর্দায় শুরু হবে মাধুরীর সঞ্চালনায় এই নতুন যাত্রা।
