AdvertisementAdvertisement

হিমাচলে কন্যাসন্তান বিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সরব সাংসদ কঙ্গনা রানাউত

বলিউডের অকুতোভয় অভিনেত্রী এবং হিমাচল প্রদেশের মান্ডির বর্তমান সাংসদ কঙ্গনা রানাউত বরাবরের মতোই নিজের স্পষ্টবাদী সত্তার পরিচয় দিলেন। সিনে দুনিয়ার নেপোটিজম থেকে শুরু করে সামাজিক অসংগতি—সব বিষয়েই কঙ্গনা বরাবরই সোচ্চার। এবার তিনি গর্জে উঠলেন হিমাচল প্রদেশের রক্ষণশীল পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে, যেখানে পুত্রসন্তানের আকাঙ্ক্ষায় নারীকে যন্ত্রের মতো ব্যবহার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি উদ্বেগজনক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, হিমাচলের এক নারী পুত্রসন্তান লাভের আশায় টানা এগারোবার গর্ভবতী হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এক নেটিজেন যখন তীব্র ক্ষোভ প্রকাশ করেন, তখন তার জবাবে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন কঙ্গনা। তিনি জানান, হিমাচলের অনেক পরিবারে কন্যাসন্তান জন্মদানকে যেন শোকের বিষয় হিসেবে দেখা হয়। কঙ্গনা স্মৃতিচারণ করে বলেন, তাঁর এক তুতো বোনের দ্বিতীয়বার কন্যাসন্তান হওয়ার পর বাড়িতে যেভাবে শোক পালন করা হয়েছিল, তা দেখে মনে হচ্ছিল যেন কারোর মৃত্যু হয়েছে। সেই অসহ্য অভিজ্ঞতার কথা ফোনে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন তাঁর বোন।

Advertisement
বিজ্ঞাপন

শুধু তাই নয়, কঙ্গনা তাঁর নিজের পরিবারের আরও এক চাঞ্চল্যকর ঘটনার কথা তুলে ধরেন। তাঁর ভাইয়ের স্ত্রী দ্বিতীয়বার কন্যাসন্তান জন্ম দেওয়ার পর এমন গভীর মানসিক ট্রমার শিকার হয়েছিলেন যে, তাঁকে হাসপাতালেই ভর্তি করতে হয়েছিল। ডিপ্রেশনের দাপটে সেই মা নিজের সদ্যজাত কন্যার মুখ দেখতে কিংবা তাকে স্পর্শ করতেও অস্বীকার করেছিলেন। কঙ্গনার মতে, এই জঘন্য মানসিকতা হিমাচলের সামাজিক কাঠামোর এক কলঙ্কজনক অধ্যায়।

সাম্প্রতিক সময়ে জেন-জি প্রজন্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও, এখন সামাজিক ইস্যু নিয়ে নিজের এই অবস্থানকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন অনুরাগীরা। তবে রুপালি পর্দার জগত থেকে কিছুটা সুখবরও রয়েছে তাঁর ভক্তদের জন্য। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার প্রেক্ষাপটে কামা হাসপাতালের নার্সদের বীরত্বের গল্প নিয়ে নির্মিত তাঁর ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ প্রেক্ষাগৃহে খুব একটা সাড়া ফেলতে না পারলেও, শীঘ্রই এটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এ মুক্তি পেতে চলেছে। নতুন মাধ্যমে ছবিটি দর্শক মহলে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%