ঋণ পরিশোধে ব্যর্থ রাজপাল যাদবের পৈতৃক ভিটে নিলামের পথে

বলিউডের হাসির জাদুকর রাজপাল যাদবের জীবন থেকে যেন হাসি ক্রমশ ফিকে হয়ে আসছে। বছরের শুরু থেকেই একের পর এক আইনি জটিলতা এবং আর্থিক সংকটের বেড়াজালে আটকা পড়েছেন এই গুণী অভিনেতা। চেক বাউন্স সংক্রান্ত দীর্ঘদিনের মামলা তো ছিলই, এবার তার ওপর নতুন করে নেমে এল পৈতৃক ভিটে হারানোর অশনি সংকেত। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আদালতের শাস্তির কবলে পড়ে বারবার জেলহাজতে যেতে হয়েছে তাকে, আর সেই বিশাল অংকের টাকা পরিশোধ করতে না পারার চরম মাশুল গুনতে চলেছেন তিনি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতার শাহজাহানপুরে অবস্থিত পৈতৃক বাড়ির দরজায় এখন নিলামের নোটিশ ঝুলছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বই শাখা থেকে অভিনেতার স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরীর নামে ১৬ দশমিক ৬১ কোটি টাকার বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা জমা না দিতে পারলে হাতছাড়া হতে চলেছে তার স্মৃতিবিজড়িত আদি নিবাস।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে চেক বাউন্স মামলায় ১১ দিন তিহার জেলে কাটাতে হয়েছিল রাজপালকে। জামিনে মুক্তি পেলেও আদালতের দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জুলাই মাসে উচ্চ আদালত তাকে পুনরায় তিন মাসের কারাদণ্ড দেয়। এর আগেও পৈতৃক বাড়ি নিলামের মুখে পড়লে আলোচনার মাধ্যমে বিষয়টি সামাল দিয়েছিলেন অভিনেতা। কিন্তু এবার পরিস্থিতি যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।
বারবার আইনি জটিলতা আর বিপুল ঋণের চাপে পিষ্ট রাজপাল যাদবের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার অগণিত ভক্ত। রুপালি পর্দায় যিনি দর্শকদের হাসিয়ে ভরিয়ে তুলতেন, বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে সেই মানুষটি এখন নিজের সহায়-সম্পত্তি বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন। এত বিশাল অঙ্কের টাকা কীভাবে তিনি যোগাড় করবেন, তা নিয়ে এখন শোবিজপাড়ায় চলছে জোর চর্চা।
