AdvertisementAdvertisement

বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক কাজী জেসিন

টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত মুখ কাজী জেসিন এবার পা রাখছেন রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের সর্বোচ্চ প্রশাসনিক মসনদে। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা ও মিডিয়া জগতে নিজের দক্ষতাকে পুঁজি করে তিনি এখন বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-১ মর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

গণমাধ্যমের পরিচিত এই মুখ এনটিভি, চ্যানেল আই, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশনের মতো দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে দায়িত্ব পালন করে নিজের পেশাদারিত্বের ছাপ রেখেছেন। পর্দার সামনের সাবলীল উপস্থাপনা আর সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা তাকে মিডিয়া অঙ্গনে এক বিশেষ অবস্থানে নিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি সরাসরি প্রশাসনিক দায়িত্বে আসীন হতে যাচ্ছেন বিটিভির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পদে।

Advertisement
বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, মহাপরিচালক হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা কিংবা বাণিজ্যিক সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তার নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিটিভির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মাহবুবুল আলম। এখন তার স্থলাভিষিক্ত হয়ে কাজী জেসিন রাষ্ট্রীয় টেলিভিশনের নতুন রূপায়ণে কতটা প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে মিডিয়াপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শোবিজ ও সংবাদ জগতের অভিজ্ঞ এই মুখ বিটিভির নতুন দিগন্ত উন্মোচনে কতটা সফল হন, এখন সেটিই দেখার বিষয়।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%