দীপিকা পাড়ুকোনকে নিয়ে পুরনো মন্তব্য ঘিরে বিতর্কের মুখে মুজাম্মিল ইব্রাহিম

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা-মডেল মুজাম্মিল ইব্রাহিমের অতীত সম্পর্ক নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো সাক্ষাৎকারের খণ্ডিত অংশ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন মুজাম্মিল। বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার পর অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেতা।
মুজাম্মিল ইব্রাহিম ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছেন, যে বক্তব্যগুলোকে বর্তমানে ‘নতুন দাবি’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা আদতে এক বছরেরও বেশি সময় আগের একটি দীর্ঘ সাক্ষাৎকারের অংশ। তাঁর মতে, ভিডিও সম্পাদনার মারপ্যাঁচে কথোপকথনের মূল প্রেক্ষাপট এবং যে সম্মানের জায়গা থেকে তিনি কথাগুলো বলেছিলেন, তা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে।
অভিনেতা জোর দিয়ে বলেন, অতীতের সম্পর্কের প্রতি তিনি বরাবরই শ্রদ্ধাশীল। অনেক বছর পেরিয়ে গেছে, এখন তিনি নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকতে চান। মুজাম্মিলের ভাষ্যমতে, তিনি সব সময় সততা ও সম্মানের সমন্বয়ে কথা বলায় বিশ্বাসী। দীপিকার প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ বা ঈর্ষা তাঁর নেই, বরং বলিউডের গণ্ডি পেরিয়ে দীপিকার বর্তমান বিশ্বজোড়া সাফল্য দেখে তিনি আনন্দিত।
২০২৫ সালের জুনে সাংবাদিক সিদ্ধার্থ কাননের ইউটিউব অনুষ্ঠানে মুজাম্মিল প্রথমবার দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, দীপিকা পাড়ুকোনের মুম্বাই জীবনের প্রথম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর সঙ্গেই। মুজাম্মিলের দাবি অনুযায়ী, দীপিকাই সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন এবং বিচ্ছেদের সিদ্ধান্তটিও ছিল তাঁরই। যদিও বিচ্ছেদের পরেও দীর্ঘ সময় তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল, কিন্তু দীপিকার বিয়ের পর সেই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্তমানে দীপিকা পাড়ুকোন নিজেকে ব্যস্ত রেখেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। ক্যারিয়ারের চূড়ায় থাকা এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় পার করছেন। অন্যদিকে, মুজাম্মিল ইব্রাহিম চান অতীতের এই ব্যক্তিগত আলাপ নিয়ে অহেতুক জল্পনা-কল্পনা এখানেই থেমে যাক।