পোকার কামড়ে গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা হাসপাতালে ভর্তি

সিনেমাপাড়ার পরিচিত মুখ, দাপুটে অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে টলিউড ও বলিউড অঙ্গনে। হায়দরাবাদ থেকে আকাশপথে কলকাতায় ফেরার পথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই শিল্পী। বর্তমানে তিনি কলকাতার মনিপাল ঢাকুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ভ্রমণের সময় একটি বিষাক্ত পোকার কামড়ে অভিনেতার পায়ের একটি অংশ অস্বাভাবিকভাবে ফুলে যায়। প্রাথমিকভাবে বিষয়টিকে সাধারণ মনে হলেও, অত্যন্ত দ্রুত সেই সংক্রমণ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে অভিনেতার সুগার লেভেল হু হু করে বেড়ে যায় এবং শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। সংক্রমণের প্রকোপ গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পৌঁছে যাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে উচ্চমাত্রার জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন রাজেশ শর্মা। কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে তাঁর। তবে সময়মতো চিকিৎসার সুযোগ পাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল থাকলেও তিনি কঠোর পর্যবেক্ষণে রয়েছেন।

এই দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ নিয়মিত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছেন যাতে অভিনেতার কোনো অসুবিধা না হয়। রূপালি পর্দার এই তারকার দ্রুত সুস্থতার কামনায় এখন ব্যাকুল তাঁর অগণিত ভক্ত ও সহকর্মী।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%