AdvertisementAdvertisement

স্টার জলসার নতুন মেগা সিরিয়ালে চিকিৎসা খাতের দুর্নীতি দমনে সুস্মিতা দে

আলোর রোশনাই আর সানাইয়ের সুর যখন চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই বিয়ের মণ্ডপ ছেড়ে এক অকল্পনীয় দৃশ্যের অবতারণা করলেন কনে। লাল বেনারসি আর রাজকীয় গয়নার আভিজাত্য ঝেড়ে ফেলে গলায় স্টেথোস্কোপ আর ডাক্তারের সাদা পোশাকে তিনি তখন রণক্ষেত্রে। দরিদ্র রোগীদের জন্য আনা পেসমেকার চড়া দামে বিক্রির এক ঘৃণ্য কর্পোরেট চক্রান্ত ফাঁস করতে গিয়ে বিয়ের পিঁড়ি থেকেই সরাসরি হাসপাতালে ছুটে যান তিনি। চিকিৎসা জগতের সেই অন্ধকার দিকের মুখোশ খুলতে গিয়ে জীবনের চরম মূল্য চুকাতে হয় এই সাহসী চিকিৎসককে। ঠিক বিয়ের রাতেই মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তাঁকে। এমন রোমহর্ষক ও টানটান উত্তেজনার ঝলক নিয়েই ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে।

স্টার জলসার নতুন মেগা সিরিয়াল ‘তিলোত্তমা’র হাত ধরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কামব্যাক করছেন সুস্মিতা। এই মেগাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে, যা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, সুস্মিতা অভিনীত যমজ বোনের একজনের অকাল মৃত্যুর পর প্রতিশোধের আগুন নিয়ে পর্দায় হাজির হবেন ‘তিলোত্তমা মুখার্জি’। প্রোমো ভিডিওতে সুস্মিতাকে উড়ন্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাওয়ায় দর্শকদের উত্তেজনা তুঙ্গে। স্নেহাশিস চক্রবর্তীর কলমে লেখা ‘কবি বলেছিলেন, কলকাতা কল্ললিনী তিলোত্তমা হবে। কিন্তু তিলোত্তমারা আজ ভালো নেই। এবার তাদের ভালো রাখতে আসছি আমি, তিলোত্তমা মুখার্জি’—সংলাপটি ইতিমধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এই মেগা সিরিয়ালে সুস্মিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নবাগত সৌম্যদীপ দত্তকে। পাশাপাশি ব্লুজ প্রোডাকশনের চেনা মুখ ভাস্বর চট্টোপাধ্যায় এবং অনন্যা বিশ্বাসের উপস্থিতি মেগাটিকে আরও জমজমাট করে তুলবে বলে আশা করা হচ্ছে। ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র আকাশছোঁয়া সাফল্যের পর, স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন বাজি কতটা বাজিমাত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। রূপসা চক্রবর্তীর প্রযোজনায় নির্মিত এই মেগা সিরিয়ালটি কোন সময়সূচীতে সম্প্রচারিত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও, টেলিভিশনের পর্দায় সুস্মিতার এই জাঁদরেল প্রত্যাবর্তন নিয়ে সাজ সাজ রব পড়ে গেছে বিনোদন জগতে।

0%
0%
0%
0%