নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেছেন, শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’। দায়িত্ব গ্রহণের পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রথম দিনেই তাঁর এমন বক্তব্যে শিক্ষা খাতে গতি ও গভীরতার ইঙ্গিত মিলেছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার একটি ছোট প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে মন্ত্রী বিষয়টি রসিকতার সুরে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন আনা হবে না। বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) সম্পূর্ণ বাতিল নয়, বরং তা পর্যালোচনা (রিভিউ) করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়ন করা হবে।
শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী পাঠ্যবিষয় সংযোজন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বিকেলে শপথ গ্রহণ করে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।