সরকারের আশ্বাসে স্থগিত হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন। সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি।
এর পরদিন মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শরীয়তপুরসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আবারও স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়। কয়েকদিন পর প্রিয় শিক্ষকদের ফিরে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।
শরীয়তপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে, শ্রেণিকক্ষজুড়ে এখন প্রাণচাঞ্চল্য। সহকারী শিক্ষকরা আগের মতোই মনোযোগ দিয়ে পাঠদান করছেন, শিক্ষার্থীরাও উৎসাহভরে পাঠে অংশ নিচ্ছে।
শরীয়তপুরের কয়েকজন প্রাথমিক সহকারী শিক্ষক জানান, সরকারের আশ্বাসে তারা শ্রেণিকক্ষে ফিরেছেন। তাদের দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক—এমন বিশ্বাস থেকেই তারা আন্দোলন স্থগিত করেছেন।
পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে। দীর্ঘ কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো।
সহকারী শিক্ষকরা জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত দাবি বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় স্থায়ী স্থিতিশীলতা ও মনোবল ফিরে আসবে বলে তারা আশাবাদী।