৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে ১,৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বিপিএসসি

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়।

তবে সেই ফলাফলে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, তারা বর্তমানে কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিম্ন কোনো পদে যোগদান করবেন না।

বিপিএসসি জানায়, বিধি অনুযায়ী ওই প্রার্থীদের মধ্যে ২৬০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। তবে যারা বর্তমান কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য, তাদের মধ্যে ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া উদ্ভূত শূন্যপদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী নতুন করে আরও ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে পদের মেধাতালিকায় উপযুক্ত প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূন্য থাকলেও নতুনভাবে ২৫৭ জনকে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।

অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর—১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিপিএসসি আরও জানায়, সংশোধিত বিধি ১৭(৩)-এর ক্ষমতাবলে ৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রচলিত কোটা বিধান অনুসরণ করে একটি সম্পূরক ফলাফল প্রস্তুত করা হয়েছে। এতে ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিস্তারিত ফলাফল দেখা যাবে বিপিএসসির ওয়েবসাইটে — www.bpsc.gov.bd

সম্পর্কিত- পরীক্ষার ফলাফল
০%
০%
০%
০%