নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করে। তবে ওই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অন্তর্ভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন। তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তীতে তা জানানো হবে।
মন্ত্রিপরিষদ সচিবের অস্পষ্ট বার্তার পর জনমনে তৈরি হওয়া ধোঁয়াশা কাটালেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, অনুমোদিত নতুন বেতন কাঠামোয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় এমন ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষা খাতের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
