জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু আহত দাদি হাসপাতালে

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চুলকানিবিল পুরাতন রেললাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নিজ বসতঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশীদের স্ত্রী লাকী আক্তার (৪০) ও তাদের ছেলে মো. রাজু মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে কিশোর রাজু নিজেই তা মেরামতের চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বুলি বেগমও গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মা ও ছেলের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। বর্তমানে আহত বুলি বেগম দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
একসঙ্গে মা-ছেলের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
