Advertisement

শ্রীমঙ্গলে চা পাতা তোলার সময় ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে চা পাতা সংগ্রহ করতে গিয়ে মীরা হাজরা (৪০) নামের এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতের পরিবার ও সহকর্মীরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯টার দিকে মীরা হাজরা কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। সন্ধ্যার পরেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাগানের ভেতরে ওই ড্রেনের পাশে চা পাতা বহনের পুটলি পড়ে থাকতে দেখেন তারা। এর পরপরই ড্রেনের ভেতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে চা পাতা সংগ্রহের পর ড্রেন পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এ সময় মাথায় থাকা প্রায় ২৫ থেকে ৩০ কেজি ওজনের চা পাতার বস্তার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%