বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ফিরছে আগের পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুনরায় লিখিত পরীক্ষা পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পূর্বের ন্যায় প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের নিবন্ধন সনদ অর্জন করতে হবে এবং এনটিআরসিএ-এর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন সংক্রান্ত আগের নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো বাতিল করে প্রচলিত পরীক্ষাপদ্ধতি পুনর্বহালের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য এনটিআরসিএ-এর নিবন্ধন পরীক্ষার গুরুত্ব আগের মতোই অপরিবর্তিত থাকছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে খুব দ্রুতই এ সংক্রান্ত আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
