রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ গ্রহণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপাচার্য রাষ্ট্রপতিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, নানামুখী গবেষণা ও সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং আগামী দিনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সাদরে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে। রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ নোবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের ভবিষ্যতের পথচলায় অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
