Advertisement

চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে নতুন জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন

চলতি সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। সোমবার বিকেলে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি একক কোনো প্রজ্ঞাপনে সীমাবদ্ধ থাকবে না। বিষয়ভিত্তিক একাধিক প্রজ্ঞাপন জারির পাশাপাশি আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই শেষে কিছু নির্দেশনা বিধিবদ্ধ সরকারি আদেশ বা এসআরও আকারে প্রকাশ করা হবে। অর্থ বিভাগ থেকে নতুন বেতন নির্ধারণ পদ্ধতি, ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী আর্থিক সুবিধাসহ যাবতীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

বিজ্ঞাপন

নতুন বেতন কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থাকে প্রয়োজনীয় প্রশাসনিক দিকনির্দেশনা দেবে। দীর্ঘ সময় পর এই বেতন স্কেল ঘোষণার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সচিব উল্লেখ করেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণার বাধ্যবাধকতা থাকলেও প্রায় ১২ বছর পর সরকার এই পদক্ষেপ গ্রহণ করল।

বর্তমান সময়ে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও সরকারি কর্মচারীদের জীবনমানের ওপর সৃষ্ট চাপের বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতির আলোকে একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো প্রবর্তনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%