Advertisement

প্রতারণার শিকার লালপুরের ৮ শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা সম্পন্ন

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থী অবশেষে বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার সকাল ১০টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষায় বসতে পারায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরলেও, নিজ জেলার বাইরে কেন্দ্র হওয়ায় যাতায়াত ও আবাসন নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচির বাবা ইমামুল হক জানান, বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কেন্দ্র হওয়ায় পরীক্ষার্থীদের রাজশাহীতে আত্মীয়ের বাসায় অবস্থান করতে হচ্ছে। নতুন পরিবেশে মানিয়ে নিতে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হচ্ছে। আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান জানান, গত বুধবার শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর দ্রুত পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন জানান, আব্দুলপুর সরকারি কলেজের আট শিক্ষার্থীসহ বিভিন্ন জেলা থেকে আসা মোট ৪৬ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় এ পরীক্ষায় অংশ নিয়েছেন। ফরম পূরণে জটিলতা ও বিভিন্ন কারণে যারা পূর্বের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের সুবিধার কথা বিবেচনা করেই বোর্ডের নিকটস্থ কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আব্দুলপুর সরকারি কলেজের এই আট শিক্ষার্থী ফরম পূরণের সময় কলেজ গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকারের প্রতারণার শিকার হয়েছিলেন। অমিত তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিলেও ফরম পূরণ না করায় প্রথম পরীক্ষায় তারা অংশ নিতে পারেননি। বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বিশেষ ব্যবস্থায় তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় জড়িত অফিস সহায়কের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%