ওসমানীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়

সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আয়োজিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’—এমন সংবেদনশীল ও যুগোপযোগী বিষয়ের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষুরধার যুক্তি ও বিশ্লেষণে দুর্নীতির ভয়াবহতা এবং প্রতিকারের নানা দিক ফুটে ওঠে। চূড়ান্ত পর্বে মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হিসেবে নির্বাচিত হয়। এছাড়া বিতর্কের ধারায় অসাধারণ পারফরম্যান্সের জন্য পক্ষে ও বিপক্ষে দুজন শিক্ষার্থীকে সেরা বক্তার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী রেজোয়ানুল হক চৌধুরী শাহীন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ইসলাম রেফুল, শিক্ষক এমদাদুল ইসলাম এবং প্রভা ভাওয়াল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক আশরাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবেত কণ্ঠে বলেন, দুর্নীতি কেবল রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটায়। আইন প্রয়োগের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সততা ও দেশপ্রেমের বীজ রোপণ করাই হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি। বিতর্ক চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা ও নৈতিক সচেতনতা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন।
