কুয়েট শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলামের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুসে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ চত্বরে শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনামের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। এতে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম. এম. এ. হাসেম, মানবিক বিভাগের অধ্যাপক ড. রাজিয়া খাতুন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত বলে অভিহিত করেন। তারা বলেন, শিক্ষাঙ্গনের নিরাপত্তা বিঘ্নিত করে এমন অশুভ শক্তির আস্ফালন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জোরালো আহ্বান জানিয়েছেন।
