AdvertisementAdvertisement

টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসায় উত্তরপত্রে জালিয়াতি, ৩০ শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় চলমান বিভিন্ন বর্ষের পরীক্ষায় উত্তরপত্রে জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের দায়ে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার মাদরাসা কর্তৃপক্ষ এক বিশেষ নোটিশের মাধ্যমে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান উক্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্যমতে, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। বহিষ্কৃতদের তালিকায় আলিম প্রথম বর্ষের ১২ জন শিক্ষার্থী ছাড়াও সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাসসহ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনা ধরা পড়ে।

অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান জানান, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষার গুণগত মান এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করলে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%