চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কে এম ফজলুল কাদের চৌধুরীর নামে হলের নামকরণের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর নামে একটি আবাসিক হলের নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় ‘ছাত্র-অভিভাবক’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। এ সময় বক্তব্য দেন সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, সৈয়দ মো. তৌহিদুল আলম, সোহেল চৌধুরী, জাকির হোসেন চৌধুরী, মো. হোসেন, জীবন খোন্দকার, নিজাম উদ্দিন চৌধুরী, নাইম উদ্দিন মিনহাজ, ইয়াছিন উদ্দিন মাসুদ, মোহাম্মদ ফরহাদ খোন্দকার, জাহেদুল আলম, তৌসিফ চৌধুরী, সাকিব চৌধুরী, রাসেল আল সামির, আরমান, তানভীর পারভেজ চয়ন, ইয়াকুব উদ্দিন আরিফ, রিপন, সায়মন, আয়মন, আরমান খোন্দকার সিমন, আবু সাজিদ রিয়ান ও সাইফুলসহ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬২ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মন্ত্রিসভার বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থানান্তরের নির্দেশনা প্রদান করেন। ১৯৬৪ সালের ৯ মার্চ তার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয় এবং অবশেষে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরে বক্তারা দাবি জানান, সঠিক ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিতি তুলে ধরতে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের পূর্বেই তার নামে একটি হলের নামকরণ করতে হবে। মানববন্ধন শেষে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
