ভালুকায় অটোরিকশার গ্যারেজে আগুন, ১১ যানসহ পুড়ে ছাই ১০ লাখ টাকার মালামাল

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকার ইদ্রিস অটো গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার খবর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১৪ জন কর্মীর টানা প্রায় এক ঘণ্টার ঐকান্তিক প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর ফলে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই গ্যারেজে এই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত ওই ক্ষতিগ্রস্ত গ্যারেজটির কোনো ধরনের ফায়ার লাইসেন্স ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং সংলগ্ন একটি মুদির দোকানের সমস্ত মালামালসহ একটি ফ্রিজ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে সর্বস্ব হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গ্যারেজ মালিক ও ব্যবসায়ীরা।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জনবহুল এলাকায় এ ধরনের অবৈধ গ্যারেজ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

০%
০%
০%
০%