সম্পত্তির বিরোধে ৭৫ বছরের বৃদ্ধা মাকে ছুরিকাঘাতে হত্যা: চাঞ্চল্যকর ঘটনায় পিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় ৭৫ বছর বয়সী এক প্রবীণ মাকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সম্পত্তি লিখে দেওয়ার ক্ষোভ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

নিহত ওই নারীর নাম আরফা খাতুন। তিনি নিজের ৬৫ কড়া জমি মেয়েকে হেবা বা দান করে দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন অভিযুক্তরা।

ঘটনার প্রায় চার মাস পর নিহতের নাতি মো. পারভেজ উদ্দিন বাবু বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রাথমিক তদন্তে এজাহারভুক্ত চার আসামির সম্পৃক্ততার সত্যতা পাওয়ার দাবি করেছে।

ইতিমধ্যে এজাহারনামীয় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই মামলার অপর এক আসামি এখনো পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃদ্ধার এমন মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%