নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফুল উপজেলার হারাকান্দি গ্রামের সোলায়মান মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে আরিফুল ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা তার অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনের কথা স্বীকার করেন।
পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে নৌকাযোগে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে ভর্তির পর রোগীর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতাল থেকে বের করার মুহূর্তেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে জরুরি বিভাগে ফিরিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে সংবাদ পেয়ে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাকিব দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) সাকিব জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।