শরীয়তপুরে পঞ্চম শ্রেণির মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ: আসামির পরিবারের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী পরিবার

শরীয়তপুর সদর উপজেলায় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির নিরীহ শিশু ছাত্রীকে পথ থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বখাটে যুবককে গ্রেপ্তার করলেও মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে শিশুটির পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে উপজেলার শাজাহান মোল্লার ছেলে শাওন মোল্লা (২৭) শিশুটিকে গলা চেপে জোর করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে শাওন। শিশুটি কান্নাকাটি করলে আসামি তাকে বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখায় এবং হুমকি দেয়।

কান্নারত অবস্থায় বাড়ি ফিরে শিশুটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ৫ এপ্রিল শিশুর মা বাদী হয়ে পালং মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ অভিযুক্ত শাওন মোল্লাকে গ্রেপ্তার করেছে। তবে মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারের লোকজন ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অবুঝ শিশু মেয়েটিকে শাওন নৃশংসভাবে ধর্ষণ করেছে। আমি শাওনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি হোক, যাতে এই দেশে আর কোনো শিশু এ ধরনের পাশবিকতার শিকার না হয়।”

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

পালং মডেল থানার কর্মকর্তা জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%