লক্ষ্মীপুরে সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্য আটক

লক্ষ্মীপুর জেলায় কিশোর অপরাধের লাগাম টেনে ধরতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক সাঁড়াশি অভিযানে ২৪৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা জেলার ছয়টি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় পরিচালিত এই অভিযানে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়েছে। মূলত জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই আকস্মিক অভিযান চালানো হয়।

আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের মাত্রা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে এবং অনেকে মাদকের সঙ্গেও জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে উঠতি বয়সী এই তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সন্তানদের চলাফেরা, তারা কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে। সমাজ থেকে অপরাধের শেকড় উপড়ে ফেলতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

০%
০%
০%
০%