চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাটফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৪ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে রাউজানের এক বাসিন্দাকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজান উপজেলার বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। পরে কাস্টমস হলের স্ক্যানিং শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে থামান এবং তার ব্যাগেজে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মোট ওজন ৫৩৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোরাচালান চক্রের কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।