লক্ষ্মীপুরে কিশোর গ্যাং বিরোধী টানা তিনদিনের সাঁড়াশি অভিযান ৫৪৯ আটক

লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাং এবং উঠতি বয়সী অপরাধীদের দৌরাত্ম্য দমনে টানা তিন দিন বিশেষ অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলার ৫টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একযোগে চালানো সাঁড়াশি অভিযানে ৯৯ জনকে আটক করা হয়। এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত ধারাবাহিক অভিযানে আরও যথাক্রমে ২৬৬ ও ১৮৪ জনকে আটক করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের অভিযানে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২২ জন, কমলনগর থানায় ১০ জন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে এই ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৩ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২ অক্টোবর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়। এছাড়া রোববার রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৫১ জনকে বিভিন্ন অপরাধমূলক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিশোর অপরাধের সঙ্গে জড়িত এসব তরুণের বয়স ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে পুলিশ এই নমনীয় ও কঠোর উভয় নীতি অবলম্বন করে।

অভিযানের বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সমাজে কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নির্মূল করতে জেলার ছয়টি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে পুলিশের এই জোরালো তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, শুধু আইনি ব্যবস্থা নিয়ে কিশোর অপরাধ দমন সম্ভব নয়, এর জন্য পারিবারিক নজরদারি অত্যন্ত জরুরি। সন্তানদের চলাফেরা ও তাদের বন্ধু মহলের বিষয়ে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে আরও বেশি সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

০%
০%
০%
০%