রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেটসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুন্সি (৪৫) হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। তিনি স্যানিটারি সামগ্রী, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। কিন্তু শনিবার রাত ১০টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো থাকলেও তালা লাগানো ছিল না। শাটার খুলে দোকানের ভেতরে ঢুকেই তারা রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রবীর কুমার ঘোষ বলেন, রফিকুলের লাশ দোকানের গুদামে পড়ে থাকতে দেখা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, রোববার সকালে সিআইডির বিশেষ ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এছাড়া মর্গ থেকেও আলামত সংগ্রহ করা হবে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

০%
০%
০%
০%