চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল মাদ্রাসা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার ভোর ৪টার দিকে গভীর ঘুমের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দোকানগুলো পাশাপাশি থাকায় লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের প্রাণপণ চেষ্টার পরও অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের সময়োপযোগী হস্তক্ষেপে আগুন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হলেও ততক্ষণে ছোট-বড় প্রায় ৪০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয়, মজুত পণ্য ও ব্যবসার পুঁজি পুড়ে যাওয়ায় তারা এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশাহারা হয়ে পড়েছেন। আকস্মিক এই দুর্ঘটনায় সর্বস্ব হারানো ব্যবসায়ীরা দ্রুত প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের জোরালো দাবি জানিয়েছেন।