চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল মাদ্রাসা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার ভোর চারটার দিকে গভীর ঘুমে আচ্ছন্ন চারপাশ যখন নিরব, ঠিক তখনই হঠাৎ আগুনের লেলিহান শিখায় এই দুর্ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মুহূর্তেই পাশাপাশি থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও তীব্রতার কারণে অধিকাংশ দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, তাদের তৎপরতার কারণে আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই ধারদেনা করে এবং জমানো পুঁজি বিনিয়োগ করে ব্যবসা চালাতেন এবং এই দোকানগুলোই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। চোখের সামনে সব শেষ হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়া এসব ব্যবসায়ী ও তাদের পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের জোরালো দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজারে পর্যাপ্ত পানির ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা এবং নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষার দাবি উত্থাপন করেন।