সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরায় মাদকদ্রব্য উদ্ধারের এক চাঞ্চল্যকর অভিযানে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। অভিযুক্ত মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন এবং ইতিপূর্বে তিনি জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গেও দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, অপর অভিযুক্ত নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজনদের থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির একপর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কোরেক্স মূলত একটি কাশি কমানোর কফ সিরাপ হলেও, তা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এনে মাদক হিসেবে অপব্যবহার করা হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোড়ালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

০%
০%
০%
০%