রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে যোবায়ের নামের এক তরুণকে ডেকে নিয়ে আটকে রেখে নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গত আট সেপ্টেম্বর রাতে এই বর্বর নির্যাতনের ঘটনা ঘটে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে প্রকাশ, গত আট সেপ্টেম্বর রাতে উপজেলার আনন্দনগর গ্রামের মৃত নুরু লস্করের ছেলে শাহজালাল লস্কর মোবাইল ফোনে যোবায়েরকে নিজের বাড়িতে ডেকে নেন। পরদিন তাকে একটি ঘরে আটকে রেখে চাপাটি ধরে ভয় দেখিয়ে জোরপূর্বক একটি কথিত স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়।
ভিডিও ধারণের পর তাকে নির্মমভাবে মারধর ও কুপিয়ে জখম করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হলে এক ভ্যানচালক তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় যোবায়েরের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
এদিকে রূপসা থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, তিনি বর্তমানে থানার বাইরে রয়েছেন। সন্ধ্যার পর থানায় ফিরে অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।