কোম্পানীগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক বিনামূল্যে দেওয়ার অভিনব পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে বিনামূল্যে গাঁজা ও ইয়াবা সরবরাহের ঘোষণা দিয়ে বিতর্কিত পোস্টার সাঁটানোর চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এসব পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টারগুলো সাঁটানো হয়। পরে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

দেয়ালে সাঁটানো ওই পোস্টারগুলোতে মো. খোকনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে অদ্ভুত ও আপত্তিকর ভাষায় লেখা হয়েছে যে, তিনি গাঁজার ডিলার হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং নির্বাচিত হলে সবার ঘরে ঘরে বিনা মূল্যে গাঁজা ও ইয়াবা পৌঁছে দেবেন। এ ছাড়াও পোস্টারে বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিনামূল্যে মাদক সরবরাহের প্রতিশ্রুতি এবং থানা-পুলিশ নিজেদের লোক বলে বিভিন্ন বিতর্কিত স্লোগান যুক্ত করা হয়েছে।

তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন যুবদল নেতা মো. খোকন। তার ভাষ্যমতে, পূর্ববিরোধের জেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই পোস্টারগুলো লাগিয়ে তার সম্মান ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, প্রায় পাঁচ-সাত দিন আগে তার ছেলেকে স্থানীয় জামায়াতের আমিরের ছেলে চড় মেরেছিল এবং সেই ঘটনার প্রতিবাদ করায় এবং মামলা করার প্রস্তুতি নেওয়ায় একটি চক্র তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেনও মনে করছেন যে, পূর্বশত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ বা কারা এ ধরনের পোস্টার সাঁটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করে সে অনুযায়ী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%