জেন জি প্রজন্মের নতুন আর্থিক দর্শন ও টেকসই পরিকল্পনার চ্যালেঞ্জ

প্রথাগত সঞ্চয় ও কঠোর মিতব্যয়িতার ধ্যান-ধারণা ছাপিয়ে বর্তমান সময়ের জেন-জি প্রজন্ম আর্থিক ব্যবস্থাপনায় নতুন এক ধারার প্রবর্তন করেছে। প্রযুক্তিনির্ভর এবং বাস্তবতাসচেতন এই প্রজন্ম ভবিষ্যতের দীর্ঘমেয়াদি নিরাপত্তার পাশাপাশি বর্তমানের জীবনমান, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর সমান গুরুত্বারোপ করছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ এই প্রজন্মের অন্তর্ভুক্ত, যারা দেশের উদীয়মান অর্থনৈতিক কর্মকাণ্ডের এক প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে বৈশ্বিক অস্থিরতা ও অনিয়মিত আয়ের নতুন বাস্তবতায় তাদের এই আধুনিক জীবনদর্শন কতটা টেকসই, তা নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে নানাবিধ আলোচনার জন্ম হয়েছে।
আশি বা নব্বইয়ের দশকের জীবনধারার সঙ্গে বর্তমান প্রজন্মের পার্থক্যের জায়গাটি বেশ স্পষ্ট। তৎকালীন সময়ে চাকরি ও আয়ের স্থায়িত্ব এবং পারিবারিক নিরাপত্তার যে বলয় ছিল, তা বর্তমানে অনেকটাই শিথিল। মহামারি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক অস্থিরতা জেন-জি প্রজন্মকে ফ্রিল্যান্সিং কিংবা একাধিক আয়ের উৎসের দিকে ঠেলে দিয়েছে। মেটলাইফ বাংলাদেশের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৮৩ শতাংশ জেন-জি কর্মী পেশাগত ক্ষেত্রে নমনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তারা কঠোরভাবে সঞ্চয় করে দ্রুত অবসরে যাওয়ার পরিবর্তে বর্তমানের মানসিক সুস্থতা ও অভিজ্ঞতাকে জীবনযাপনের কেন্দ্রবিন্দুতে রেখেছে, যা বিশ্বজুড়ে ‘সফট সেভিংস’ হিসেবে পরিচিতি পাচ্ছে।
ইনটুইটের এক গবেষণা তথ্যমতে, ৭৩ শতাংশ তরুণ দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য নির্ধারণের চেয়ে বর্তমানের জীবনযাত্রার মানোন্নয়নকে অধিক বাস্তবসম্মত মনে করে। তবে এই প্রবণতার বিপরীতে আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার অভাব একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের ধারণা, মাস শেষে সামান্য কিছু অর্থ ব্যাংকে জমা রাখাই প্রকৃত আর্থিক পরিকল্পনা। কিন্তু জীবন বিমা ও জরুরি স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক নিরাপত্তার অভাব দীর্ঘমেয়াদে একটি পরিবারকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। বিশেষ করে চিকিৎসাব্যয়ের ঊর্ধ্বগতি এবং গড় আয়ু বৃদ্ধির এই যুগে কেবল সঞ্চয় নয়, বরং জীবন ও স্বাস্থ্য বিমা এখন সময়ের অনিবার্য দাবি।
আর্থিক পরিকল্পনার মূল ভিত্তি হওয়া উচিত ‘নন-নেগোশিয়েবল’ বা অপরিবর্তনীয় কিছু বিষয়ে বিনিয়োগ নিশ্চিত করা। এর মধ্যে সুনির্দিষ্ট জরুরি তহবিল গঠন, সঠিক অবসর পরিকল্পনা এবং আকস্মিক জীবনঝুঁকি মোকাবিলায় বিমা সুরক্ষা অপরিহার্য। ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা যেমন বিনিয়োগের সুযোগ বাড়িয়েছে, তেমনি অনলাইন প্রতারণা ও দ্রুত মুনাফার ফাঁদে পড়ার ঝুঁকিও তৈরি করেছে। তাই আর্থিক স্বাধীনতা অর্জনে কেবল আয় বা সঞ্চয়ই যথেষ্ট নয়, বরং তথ্যের যথাযথ যাচাই-বাছাই এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণই এখনকার মূল চ্যালেঞ্জ।
পরিশেষে বলা যায়, জেন-জি প্রজন্ম পুরোনো নিয়মের ছক ভেঙে নিজেদের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নতুন আর্থিক সমীকরণ তৈরি করছে। বর্তমানের স্বস্তি এবং ভবিষ্যতের নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখাই তাদের এই যাত্রার মূল লক্ষ্য। তবে এই আধুনিক জীবনদর্শন তখনই টেকসই ও সফল হবে, যখন তার সঙ্গে যুক্ত হবে শক্তিশালী ও বিজ্ঞানসম্মত আর্থিক সুরক্ষার বর্ম। কেবল সচেতনতা এবং বিচক্ষণ পরিকল্পনাই পারে তাদের এই যাত্রাপথকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে।