যুক্তরাষ্ট্রে ওয়ালটনের তৈরি মাদারবোর্ড রপ্তানি শুরু

বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের অগ্রযাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড বা পিসিবিএ রপ্তানি শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। উচ্চপ্রযুক্তি সম্পন্ন এই মাদারবোর্ডগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষত অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকারী ব্যবস্থায় ব্যবহৃত হবে। দেশটির উইসকনসিনভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন এই প্রযুক্তি পণ্যগুলো আমদানি করছে, যা বিশ্ববাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করল।
গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে এই রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালকবৃন্দ এস এম নূরুল আলম রেজভী ও এস এম মঞ্জুরুল আলম।
কারখানা পরিদর্শনকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম ওয়ালটনকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে বলেন, বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন এক অনন্য বিস্ময়। বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে, তার জ্বলন্ত প্রমাণ এই রপ্তানি কার্যক্রম। প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান তৈরিতে ওয়ালটনের এই সাফল্য জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
উল্লেখ্য যে, কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বর্তমানে ফ্রিজ, এসি, ল্যাপটপ, লিফট ও স্মার্টফোনসহ বিশালাকার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদিত হচ্ছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের ৫৫টিরও বেশি দেশে ওয়ালটনের তৈরি পণ্য নিয়মিত রপ্তানি করা হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতায় ওয়ালটন এখন কেবল দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের উদ্ভাবনী সক্ষমতার স্বাক্ষর রাখছে।