খুলনায় শর্ট সার্কিটে আগুন: চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে টুটপাড়া এলাকার ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভাড়াটিয়াদের বসতঘর মুহূর্তেই আগুনে গ্রাস হয়। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডল, মো. আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের ঘর এবং তাদের সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর টুটপাড়া স্টেশনের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এছাড়া সদর থানা পুলিশ-এর এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে চারটি পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%