মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

জেলার মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ইউসুফ খান আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি স্থানীয়ভাবে আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশেই মাটির সাইড দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইউসুফের ভাতিজা নীরব খান জানান, নিখোঁজের পর থেকেই পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, শনিবার একটি মাটিবাহী ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে গেলে এ নিয়ে ইউসুফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। মাটির ব্যবসাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আটককৃতদের তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত- উদ্ধার হত্যা
0%
0%
0%
0%