তাহিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর–ফতেপুর সড়কের বারুংকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাহ আলম তাহিরপুর উপজেলার বারুংকা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শাহ আলম মোটরসাইকেলযোগে নিজ এলাকা বারুংকা গ্রাম থেকে আনোয়ারপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আনোয়ারপুর–ফতেপুর সড়কের বারুংকা এলাকায় বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় উভয় মোটরসাইকেলের আরোহীসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0%
0%
0%
0%