ফের ইনজুরির ছোবল, হাইতির বিপক্ষে ব্রাজিল দলে নেই নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ফের ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন। পায়ের কাফের চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। দলের সঙ্গে ফিলাডেলফিয়া সফর না করে এই তারকা ফরোয়ার্ড পুনর্বাসনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে নিউ জার্সিতেই অবস্থান করবেন।
সদ্য সমাপ্ত শনিবার মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ড্রয়ের পর থেকেই কোচ কার্লো আনচেলত্তির দলে নেইমারকে অন্তর্ভুক্ত করা নিয়ে দেশজুড়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৪ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ ফুটবলার চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে নামার অপেক্ষায় থাকলেও চোট যেন তার পিছু ছাড়ছে না।
সান্তোসের হয়ে খেলার সময় গত ১৭ মে ডান পায়ের কাফে চোট পান নেইমার। চোটের অগ্রগতি যাচাই করতে সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে ফিরে শারীরিক কন্ডিশনিংয়ে অংশ নেন তিনি। বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনের কিছু অংশে যোগ দিলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সতীর্থরা। তবে পুরো দলের সাথে এখনো পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি তিনি।
ব্রাজিলের জার্সি গায়ে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করা নেইমার এখন ৭৯ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। তবে মাঠের বাইরে থেকে দলের লড়াই দেখা ছাড়া আপাতত অন্য কোনো উপায় নেই ৩৪ বছর বয়সী এই সুপারস্টারের। দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে নিউ জার্সির হোটেলে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।