নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্প—এক মায়ের সামনে দেয়ালচাপায় প্রাণ গেল ১০ মাসের শিশু ফাতেমার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সেই আতঙ্কময় মুহূর্তে মুহূর্তেই বদলে গেল এক পরিবারের জীবন। কম্পনের ধাক্কায় থমকে যাওয়া সকালের সেই সময়ে হঠাৎ ধসে পড়ে বাড়ির একটি দেয়াল। সেই দেয়ালের নিচেই চাপা পড়ে মাত্র ১০ মাসের শিশু ফাতেমা। আর চোখের সামনে সবকিছু দেখেও কিছুই করতে পারেননি অসহায় মা কুলসুম বেগম।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভূমিকম্প শুরু হতেই ঠিক তখনই ভেঙে পড়ে দেয়াল। মায়ের কোলে থাকা ফাতেমা নিচে পড়ে দেয়ালের নিচে চাপা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় ছোট্ট প্রাণটি।
দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন শিশুটির মা কুলসুম বেগম (৩০) ও আরও একজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হঠাৎ এ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফাতেমার কান্নায় ভরা ছোট্ট ঘর এখন নিস্তব্ধ। শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। ভূমিকম্পের সেই কয়েক সেকেন্ডের ভয়াবহতা এক পরিবারকে চিরজীবনের জন্য বদলে দিল।