ছিনতাইয়ের তদন্তে গিয়ে উল্টো বিপদে পুলিশ—হাতে থাকা শর্টগানই লুটে নিল দুর্বৃত্তরা!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি সরকারি শর্টগান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে প্রায় চার ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশের একটি বেল গাছের নিচ থেকে ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪–১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
পরে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
