বগুড়ায় ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে ভুয়া চিকিৎসা সেবা প্রদানকারী এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু পরিচালিত এই অভিযানে ডিগ্রি ও বৈধ সনদবিহীন কথিত চিকিৎসক সুনীল কুমার বিশ্বাসকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুনীল কুমার বিশ্বাস ওই এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে।
অভিযোগ রয়েছে, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো ধরনের একাডেমিক সনদ ছাড়াই সাধারণ রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ছাড়াও নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করা এবং ঝুঁকিপূর্ণ শল্য চিকিৎসা পরিচালনা করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার চেম্বার তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের সরঞ্জাম জব্দ করা হয়।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ লাখ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। অভিযানে শৃঙ্খলা বজায় রাখতে শেরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
