Advertisement

সংস্কার শেষে মন্নতে ফিরছেন শাহরুখ খান

বলিউডের বাদশা শাহরুখ খান এবং তাঁর স্বপ্নের ঠিকানা ‘মন্নত’—এই দুইয়ের রসায়ন যেন রূপকথার গল্পের মতো। দীর্ঘ দিন সংস্কার কাজের জন্য সপরিবারে পালি হিলের ‘পূজা কাসা’ নামক ভাড়াবাড়িতে অস্থায়ী আবাস গড়লেও, কিং খানের ভক্তদের জন্য সুখবর হলো, খুব দ্রুতই নিজের আপন ঠিকানায় ফিরছেন সুপারস্টার। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সংস্কার কাজ শেষ করে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডের এই আইকনিক অট্টালিকায় পুনরায় পা রাখতে চলেছেন শাহরুখ, গৌরী এবং তাঁদের তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম।

মূলত ৩০০ কোটি টাকা বাজেটের এই বিলাসবহুল বাংলোটিকে নতুনরূপে সাজিয়ে তোলার কাজ চলছে। শোনা যাচ্ছে, ঐতিহাসিক এই অট্টালিকার পেছনের অংশে নতুন কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে, যা এর জৌলুসকে আরও বাড়িয়ে তুলবে। বহু বছর ধরে ব্যান্ডস্ট্যান্ডের এই ছয়তলা ভবনটি শুধুমাত্র শাহরুখ খানের আবাসন নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। ইদ কিংবা জন্মদিনে এই বাংলোর সামনে ভক্তদের বাঁধভাঙা জোয়ার প্রমাণ করে, মন্নত কেবল ইট-পাথরের দেয়াল নয়, বরং ভালোবাসার এক প্রতীক।

বিজ্ঞাপন

এই স্বপ্নের প্রাসাদের নেপথ্যে রয়েছে এক অনুপ্রেরণাদায়ক ইতিহাস। নব্বইয়ের দশকে ‘ইয়েস বস’ ছবির শুটিংয়ের সময় প্রথমবার ‘ভিলা ভিয়েনা’র প্রেমে পড়েছিলেন শাহরুখ। সেই সময় নিরাপত্তারক্ষীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ঠাট্টাচ্ছলে তিনি বলেছিলেন, এই বাংলোটিই একদিন কিনে নেবেন তিনি। সেই জেদ আর স্বপ্ন থেকেই ২০০১ সালে প্রায় তেরো থেকে আঠারো কোটি টাকায় ভিলাটি কিনে নেন অভিনেতা। শুরুতে এর নাম ‘জন্নত’ রাখলেও পরবর্তীতে সাফল্যের শিখরে আরোহণের পর নাম বদলে রাখা হয় ‘মন্নত’।

মন্নতের বর্তমান আভিজাত্যের পেছনে গৌরী খানের অবদান অনস্বীকার্য। শুরুর দিকে ইন্টেরিয়র ডিজাইনারদের বিশাল খরচের ভয়ে নিজেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব কাঁধে তুলে নেন গৌরী। নিজের রুচি ও নান্দনিকতায় তিল তিল করে বাড়িটিকে স্বপ্নের মতো সাজিয়ে তোলেন তিনি, যা পরবর্তীতে তাঁকে একজন সফল পেশাদার ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও প্রতিষ্ঠিত করে। বর্তমানে ৩০০ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রাসাদটি কেবল একটি অট্টালিকা নয়, বরং এক সংগ্রামী মানুষের সফলতার জীবন্ত দলিল। নতুনরূপে মন্নতকে দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শাহরুখ ভক্তরা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%