চুয়াডাঙ্গায় কৃষকের ১৫ কাঠা জমির লাউগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মাঠে সোহাগ নামের এক কৃষকের ১৫ কাঠা জমির সব লাউগাছ দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে সাবাড় করে দিয়েছে। এতে ক্ষেতের বিক্রয়যোগ্য অসংখ্য লাউসহ পুরো ফসলটিই মাঠেই নষ্ট হয়ে পড়ে রয়েছে।
ভুক্তভোগী কৃষক সোহাগ জানান, শুক্রবার সকালে ক্ষেত থেকে লাউ তুলে বাজারে বিক্রি করে সারের বকেয়া টাকা পরিশোধ করার প্রস্তুতি ছিল তাঁর। ফসল বিক্রির উপার্জিত অর্থ দিয়ে পরিবারের ব্যয় নির্বাহের স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু ভোরে মাঠে গিয়ে দেখেন সব গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। নিজের কষ্টার্জিত ফসলের এমন করুন দশা দেখে কৃষক সোহাগ বাকরুদ্ধ হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অত্যন্ত শ্রম ও অর্থ ব্যয় করে সোহাগ এই লাউ ক্ষেতটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তদের এই নির্মম কর্মকাণ্ডে কৃষক সোহাগ এখন নিঃস্ব হয়ে পড়েছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জাহিদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। একটি ফসল উৎপাদনের পেছনে কৃষকের বিপুল শ্রম ও অর্থ জড়িয়ে থাকে, যা নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী কৃষক দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
