কুলিয়ারচরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, ১২ বছর বয়সী শিশু হাসপাতালে চিকিৎসাধীন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর ১২ বছর বয়সী জুবায়েদ নামের এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে আগরপুর-মনোহরপুর সড়কের পাশের একটি ফসলি জমি থেকে স্থানীয় যুবক তুষার, আশিক ও মামুন শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় জুবায়েদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তাকে স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। শিশুটির বাবা আব্দুল কাদির ও মা ইয়াসমিন আক্তার জানান, অটোরিকশাটি বিক্রির জন্য গ্যারেজে রাখা ছিল, কিন্তু জুবায়েদ সেটি নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের ধারণা, দুর্বৃত্তরা সুকৌশলে প্রলোভন দেখিয়ে তাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে চেতনানাশক কোনো দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েদকে নিয়ে মেডিকেল অফিসার মিনহাজুল ইসলাম জানিয়েছেন, কোনো শক্তিশালী রাসায়নিক পদার্থের প্রভাবে শিশুটি জ্ঞান হারিয়েছিল। বর্তমানে তাকে ১২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনার পর ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার না হওয়ায় এবং অপরাধীরা ধরা না পড়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয়রা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ জানান, এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি, তবে অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
