AdvertisementAdvertisement

জয়পুরহাটে আব্দুল হান্নান হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার শালবন গ্রামে আব্দুল হান্নান (৫০) নামে এক ব্যক্তিকে বিষ প্রয়োগে হত্যার ঘটনায় জড়িত দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৭ চট্টগ্রামের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)।

গত ২১ জুলাই শালবন গ্রামে আব্দুল হান্নানকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতনের পর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement
বিজ্ঞাপন

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন আজিজুল ইসলাম, তহিদুল ইসলাম, মুসা ও নাহিদ ইসলাম। এদের মধ্যে তহিদুল ইসলামকে পুলিশ আগেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

কালাই থানা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মীরসরাই থানাধীন মজুমদারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%