টঙ্গীতে চার ছিনতাইকারী গ্রেপ্তার উদ্ধার অস্ত্র ও সিএনজি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন মার্কেটের লেদুমোল্লা রোড ও গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু এবং ছিনতাই করা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত দশটার দিকে হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকায় ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চাপাতি ও এক হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বাবু একজন দুর্ধর্ষ অপরাধী এবং তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন থানায় সর্বমোট ১৫টি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে, একই রাতে বারোটা ত্রিশ মিনিটের দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস, মিলন এবং মো. মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
